বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফটস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সড়ক অবরোধের কারণে ঘটনাস্থলে রাস্তার উভয় দিকে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, ওই কারখানার শ্রমিকদের গত সেপ্টেম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে। নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা করেনি। সর্বশেষ ২৪ ডিসেম্বর সকালে বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা দেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আজ দুপুর ৩টার দিকে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে রাখে।
শ্রমিকদের অভিযোগ, করোনাভাইরাস মহামারির সময় বেতন না পেয়ে তাদের ঘর ভাড়া, দোকান বাকি পরিশোধ করতে সমস্যা হচ্ছে। অনেকেই মানবতের জীবনযাপন করছেন।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সুজাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার টাকার জন্য আমাদের লোক ব্যাংকে গেছে। টাকা আনলেই তাদের বেতন দেওয়া হবে।’
জিএমপির সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। তবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সুরাহা করতে আলোচনা চলছে।