বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বিশ্ববাজারে টানা ৪ দিন কমল সোনার দাম

মোহাম্মদ খাইরুল আমিন • 21 অক্টোবর 2026, 12:38 দুপুর • 4 বার পঠিত
বিশ্ববাজারে টানা ৪ দিন কমল সোনার দাম

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো কমেছে স্বর্ণের দাম। তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৮ ডলার ১৮ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ ডলার ২০ সেন্টে দাঁড়ায়।

ডিএইচএফ ক্যাপিটাল এসএর প্রধান নির্বাহী ও সম্পদ ব্যবস্থাপক বাস কুইজম্যান বলেন, অপরিশোধিত তেলের দাম আবার বাড়তে থাকায় স্বর্ণের দামে আরও চাপ তৈরি হতে পারে। এতে মূল্যস্ফীতির ঝুঁকি বজায় থাকার পাশাপাশি কঠোর মুদ্রানীতি অনুসরণের প্রত্যাশাও জোরালো হচ্ছে।

 সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দাম চাপে পড়ে। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে সুদ পাওয়া যায় না।

বিপরীতে সুদবাহী সম্পদের মুনাফা বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়, ফলে এর চাহিদা কমতে পারে।এদিকে, সাম্প্রতিক দরপতনের পর যুক্তরাষ্ট্রের ডলারের সূচক স্থিতিশীল হয়েছে। এতে স্বর্ণের বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। মূল্যস্ফীতি পরিমাপে ফেডের পছন্দের সূচক এটি। কেন্দ্রীয় ব্যাংকটির মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ ডলার ৪৪ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৮ ডলার ৬১ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৯০ ডলার ৮৪ সেন্ট হয়েছে।