শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে: বিজিবি

মোহাম্মদ খাইরুল আমিন • 16 অক্টোবর 2026, 08:13 সকাল • 5 বার পঠিত
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে: বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি বলছে, ওই দুই পুলিশ সদস্য সুস্থ আছেন এবং শিগগিরই তাদের ফেরত আনা সম্ভব হবে।

শুক্রবার সকালে বিজিবি সদর দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ কথা বলেন।

তিনি বলেন, “ইতোমধ্যে আমাদের সঙ্গে অফিশিয়ালি যোগাযোগ হয়েছে এবং আমরা খুব শিগগিরই আমাদের দুই পুলিশ সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে ফেরত পাব। তারা সুস্থ আছেন, তাদের কোনো ধরনের সমস্যা হয়নি।”

বিজিবির এ কর্মকর্তা বলেন, ব্রাহ্মণপাড়া থানার শশীদল সীমান্তে এ ঘটনা ঘটেছে। ওই এলাকার পাহাড় ও জঙ্গলের ভূপ্রকৃতির কারণে সীমান্তে দায়িত্ব পালনের সময় বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। দুই পুলিশ সদস্যকে ফেরত আনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেনের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিলেন।

এ সময় তারা উপজেলার শশীদল ইউনিয়নের আশা বাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালান তারা।

পুলিশ দেখে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে তারা ‘ভুলবশত’ সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েন বলে দাবি করেন ওসি ফারুক।

সীমান্ত সুরক্ষা ও সীমান্তের অখণ্ডতা রক্ষা বিজিবির প্রধান দায়িত্ব মন্তব্য করে বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। এমন পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখতেও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সীমান্তের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় বিজিবি দায়িত্ব পালন করছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশের স্বার্থ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাহিনী ভবিষ্যতেও দায়িত্ব পালন করবে।

দুর্গাপূজায় নিরাপত্তা

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের তথ্য দেন মাহবুব মুর্শেদ রহমান।

তিনি বলেন, শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ দায়িত্ব পালন করা হবে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য টহল, গোয়েন্দা নজরদারি ও দ্রুত সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। দুর্গম ও দূরবর্তী এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২১টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।