রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা

মোহাম্মদ খাইরুল আমিন • 25 অক্টোবর 2026, 08:13 সকাল • 2 বার পঠিত
আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা

ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনায় অচেনা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

শনিবার রাতে হাতিরঝিল থানায় মামলাটি হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আসাদুজ্জামান।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রাতে মামলা হয়েছে।”

মামলার এজাহারে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে প্রাইভেট কার পার্কিং করে ভবনের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন আসিফ। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে কার্যালয়ে অবস্থানকালে বিকট শব্দ শুনতে পান।

এরপর নিচে পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান তিনি। এরপর বাদী অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করেন।

মামলায় বলা হয়, আসিফ আকবর ভিডিওতে দেখতে পান, মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়ক দিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ের স্থানে যান। ওই ব্যক্তি গাড়ির পেছনের ডান পাশের দরজার কাঁচ লক্ষ্য করে গুলি করেন। ওই ব্যক্তি তৎক্ষণাৎ অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এজাহারে বলা হয়েছে, বিষয়টি জানানোর পর হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে।

গুলিতে গাড়ির কাঁচ ভেঙে যাওয়ায় আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় বলা হয়েছে।

এদিকে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গুলি করা ব্যক্তিকে শনাক্ত করা গেছে কি না, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান রোববার বেলা ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবন ও জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ চলছে। এখনো বলার মতো কোনো অগ্রগতি হয়নি।”