আগামী সপ্তাহে ৫ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে (১২ সেপ্টেম্বর )উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,৮৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচটি বিদ্যুৎকেন্দ্র।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করবেন।
পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র হল হাবিবগঞ্জের বিবিয়ানা-৩ ৪০০ মেগাওয়াট কম্পাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের জুলদায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২, মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বাঘারহাটের মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ২২৫ বিদ্যুৎ কেন্দ্রে উন্নীতকরণ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র।
এদিকে বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রের মতে, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর সরকার সফলতার সঙ্গে ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে যার উৎপাদন ক্ষমতা ২০,২৯৩ মেগাওয়াট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এর মধ্যেই লক্ষ্যমাত্রা অতিক্রম করা হয়েছে।